» ভাঙার গান

[গান]

 

 

কারার ওই
লৌহ-কবাট
ভেঙে ফেল
কর রে লোপাট
 
রক্তজমাট
 
শিকল-পুজোর পাষাণবেদি!
ওরে ও
তরুণ ঈশান!
বাজা তোর
প্রলয়-বিষাণ!
 
ধ্বংসনিশান
 
উড়ুক প্রাচী-র প্রাচীর ভেদি।

 

 

গাজনের
বাজনা বাজা
কে মালিক?
কে সে রাজা?
 
কে দেয় সাজা
 
মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা
পায় যে হাসি
ভগবান
পরবে ফাঁসি?
 
সর্বনাশী
 
শিখায় এ হীন তথ্য কে রে?

 

 

ওরে ও
পাগলা ভোলা!
দে রে দে
প্রলয়-দোলা
 
গারদগুলা
 
জোরসে ধরে হ্যাঁচকা টানে!
মার হাঁক
হইদরি হাঁক
কাঁধে নে
দুন্দুভি ঢাক
 
ডাক ওরে ডাক
 
মৃত্যুকে ডাক জীবন পানে!

 

 

নাচে ওই
কালবোশেখি,
কাটাবি
কাল বসে কি?
 
দে রে দেখি
 
ভীম কারার ওই ভিত্তি নাড়ি
লাথি মার
ভাঙ রে তালা!
যত সব
বন্দিশালায়
 
আগুন জ্বালা,
 
আগুন জ্বালা, ফেল উপাড়ি।
 

Leave a Reply